বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
ভ্রমণ

একলা ভ্রমণে অন্তর্মুখীদের আড্ডা জমানোর কৌশল

muktodoni

ভ্রমণ মানে শুধু পাহাড়, নদী বা সমুদ্র দেখা নয়। ভ্রমণ মানে নতুন মানুষ, নতুন গল্প আর নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়া। কিন্তু যারা স্বভাবগতভাবে একটু অন্তর্মুখী। তাদের জন্য অচেনা মানুষের সঙ্গে কথা বলা অনেক সময় বেশ কঠিন হয়ে ওঠে। একা ঘুরতে ভালো লাগলেও ‘কথা শুরু করব কীভাবে’। এই দ্বিধাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।

তবে সামান্য কৌশল জানা থাকলে মুখচোরা মানুষও সহজেই নতুন মানুষের সঙ্গে গল্প জুড়ে দিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক একলা ভ্রমণে আড্ডা জমাতে কী করবেন।

থাকার জায়গা বাছুন বুদ্ধি করে

একা ভ্রমণের সময় বিলাসবহুল হোটেলের চেয়ে ব্যাকপ্যাকার্স হোস্টেল বা স্থানীয় হোম-স্টে অনেক বেশি কাজে দেয়। এসব জায়গায় সাধারণত কমন এরিয়া, লাউঞ্জ বা ক্যাফেটেরিয়া থাকে। যেখানে বিভিন্ন দেশের পর্যটকের আনাগোনা লেগেই থাকে।

রুমে বসে না থেকে লাউঞ্জে গিয়ে বসুন। কফি হাতে নিয়ে চারপাশ দেখুন। পাশের বেডের বা টেবিলের মানুষটির সঙ্গে দু-একটা কথা বলার সুযোগ নিজে থেকেই তৈরি হবে।

প্রশ্ন হোক খোলা মনের

কথা শুরু করতে চাইলে এমন প্রশ্ন করুন, যার উত্তর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে শেষ হয় না।যেমন—’ভালো আছেন? না জিজ্ঞেস করে। ‘এ জায়গাটা আপনার কেমন লাগছে?’ ‘এখানকার কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে?’ এমন প্রশ্ন করতে পারেন।

ভ্রমণ নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে। আপনার গন্তব্য আর তাদের অভিজ্ঞতার মধ্যে মিল পেলেই আলাপ আপনাতেই জমে যাবে।

স্থানীয় মানুষ আর উৎসবে মিশে যান

যেখানেই যান স্থানীয় বাজার, মেলা বা উৎসবে ঢুঁ মারুন। পর্যটকের সঙ্গে কথা বলা কঠিন লাগলেও স্থানীয় দোকানদার বা পথচারীর সঙ্গে কথা বলা তুলনামূলক সহজ হয়।

কোনো খাবারের ইতিহাস জানতে চাওয়া, কোনো রাস্তা জিজ্ঞেস করা। এই ছোট ছোট প্রশ্নই বড় আলাপের শুরু হতে পারে। মানুষ নিজের সংস্কৃতি আর এলাকা নিয়ে কথা বলতে ভালোবাসে। এই সুযোগটাই কাজে লাগান।

ব্যাগে রাখুন ছোট খাবার বা উপহার

খাবার ভাগ করে নেওয়া সম্পর্ক গড়ার পুরোনো কিন্তু কার্যকর কৌশল। বাস বা ট্রেনে পাশে বসা সহযাত্রীর সঙ্গে চকলেট, বিস্কুট বা নিজ এলাকার কোনো শুকনো খাবার ভাগ করে নিন। দেখবেন হাসিমুখে কথা শুরু হয়ে গেছে।

তবে অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন। অপরিচিতের দেওয়া খাবার নেওয়ার আগে সতর্ক থাকুন।

প্রযুক্তিকে বানান বন্ধু

ভ্রমণের আগে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ট্রাভেল গ্রুপে নিজের পরিকল্পনা জানাতে পারেন। এতে গন্তব্যে পৌঁছানোর আগেই কিছু পরিচিত মুখ পেয়ে যাবেন। সামনাসামনি দেখা হলে তখন আর অপরিচিত লাগে না।

এ ছাড়া কাউকে ছবি তুলে দিতে বলা বা নিজের ছবি তুলতে অনুরোধ করাও দারুণ ‘আইসব্রেকার’ হিসেবে কাজ করে। মনে রাখবেন কথা বলা মানেই শুধু বেশি কথা বলা নয়। আপনার ভদ্রতা, বিনয় আর সাহায্যের মানসিকতাই আপনাকে মানুষের কাছে আপন করে তুলবে।

একলা ভ্রমণ মানে একা থাকা নয়। একলা ভ্রমণ মানে নিজের মতো করে মানুষ আর গল্প খুঁজে নেওয়া।