টানা পাঁচ জয়ে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ নারী দল

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বের টিকিট কেটে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে থাইল্যান্ডকে ৩৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এর মধ্য দিয়েই আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। ওপেনার দিলারা আক্তার গোল্ডেন ডাক মারলেও দারুণ দুটি ফিফটি আসে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ব্যাট থেকে।
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া জুয়াইরিয়া ফেরদৌস ৪৫ বলে করেন ৫৬ রান। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। উল্লেখ্য, যুব গেমসে অ্যাথলেটিকসে তিনটি স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদ ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন। অন্যদিকে, চার নম্বরে নামা সোবহানা মোস্তারি ৪২ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৯টি চার ও ১টি ছক্কায় সাজানো এই ইনিংসের সুবাদেই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। শেষদিকে ঋতু মনি ৬ বলে ১৫ রান করে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে থাইল্যান্ডও শুরুটা ভালো করতে পারেনি। তাদের ওপেনার ছুয়ানান গোল্ডেন ডাক মারেন। তবে এরপর নাতাকান চান্থাম ৪১ বলে ৪৬, নানাপাট ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুইমো ২৮ বলে ৩০ রান করে লড়াইয়ে রাখার চেষ্টা করেন।
কিন্তু অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে থাইল্যান্ড নারী দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ পারফর্ম করেন পেসার মারুফা আক্তার। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ঋতু মনি ও স্বর্ণা আক্তার যথাক্রমে ২০ ও ২১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ১২টি দল। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড সরাসরি খেলবে। গত বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচটি দল এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় আরও দুটি দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায়—যার একটি এখন বাংলাদেশ।



