বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
নারী

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

Untitled-3

নেপালে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মাঠের এই সাফল্যের প্রতিফলন মিলেছে আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি এক লাফে ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। বাছাইপর্বের চার ইনিংসে মোট ১৫৬ রান করে বর্তমানে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে ফিফটির ইনিংস খেলেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আরেক বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি এগিয়েছেন ১১ ধাপ, উঠে এসেছেন ৫২ নম্বরে। বাছাইপর্বের চার ম্যাচেই তিনি সেট হয়ে আউট হয়েছেন। বড় ইনিংস না খেললেও ধারাবাহিক রান করার সুফল পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে।

বোলারদের মধ্যেও উন্নতি এসেছে। লেগ স্পিনার রাবেয়া খান বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। বাছাইপর্বের চার ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। অন্যদিকে ফাহিমা খাতুন এগিয়েছেন ছয় ধাপ, নতুন র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান এখন ৩০ নম্বরে।

Advertisements

ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও দলগত অবস্থানে পরিবর্তন আসেনি। আইসিসির নারী টি-টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনো রয়েছে ১০ নম্বরে। বাংলাদেশের ঠিক ওপরে অবস্থান আয়ারল্যান্ডের। পয়েন্টের ব্যবধান প্রায় দেড় হাজার হলেও রেটিংয়ের পার্থক্য মাত্র ৪।

Advertisements