বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
নারী

ট্রেলারে রহস্যময় শ্বেতা, নতুন চমকে জয়া আহসান

Untitled-2

ঢাকা ও কলকাতার সিনেমায় সফল সময় পার করার পর নতুন বছরেও দারুণ কিছু উপহার দিতে চলেছেন জয়া আহসান—এমনই ইঙ্গিত মিলল তার নতুন সিনেমার ট্রেলার দেখে। আজ প্রকাশ পেয়েছে কলকাতার সিনেমা ‘ওসিডি’-এর ট্রেলার, যেখানে রহস্যময় এক চরিত্রে দেখা গেছে বাংলাদেশি এই অভিনেত্রীকে।

প্রায় দুই মিনিটের ট্রেলারে শুরু থেকেই দর্শককে টানটান উত্তেজনার মধ্যে রাখে গল্পের আবহ। জয়া নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, “পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নকশা।” নামের মতোই ‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—এই মানসিক সমস্যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমার গল্প।

পরিচালক সৌকর্য ঘোষাল এই ছবিতে দেখাতে চেয়েছেন—শৈশবের কোনো ভয়ংকর অভিজ্ঞতা কীভাবে একটি মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। ট্রেলারে ইঙ্গিত পাওয়া যায়, ছোটবেলার একটি দগদগে ক্ষতই ধীরে ধীরে জন্ম দেয় ভয়ংকর প্রতিশোধস্পৃহ আর অপরাধপ্রবণ মানসিকতার।

সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাইরে থেকে পরিপাটি ও নিয়ন্ত্রিত জীবন যাপন করলেও, তার ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। সেই অতীতের কথা হঠাৎ করে জেনে ফেলে এক রোগী—আর সেখান থেকেই গল্প নেয় ভয়ংকর মোড়। শ্বেতার আশপাশের মানুষদের প্রতি জন্ম নেয় তীব্র ঘৃণা ও সন্দেহ, যার পরিণতি ক্রমেই হয়ে ওঠে আরও ভয়াবহ।

Advertisements

‘ওসিডি’ মূলত শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে কেন্দ্র করেই নির্মিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। নির্যাতিত এক শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্প এগিয়ে নিয়ে গেছেন পরিচালক, যেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় শ্বেতার জীবনের ভয়ংকর সব অধ্যায়।

Advertisements