২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

নারী ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড, শীর্ষে ট্রিনিটি রডম্যান

Untitled-1

নারী ফুটবলে পারিশ্রমিকের নতুন ইতিহাস গড়েছেন মার্কিন ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যান। স্প্যানিশ তারকা আইতানা বোনমাতিকে ছাড়িয়ে এখন তিনিই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী ফুটবলার।

যুক্তরাষ্ট্রের ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছেন ২২ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে খেলবেন তিনি।

চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্যমতে, বোনাসসহ বছরে প্রায় ২০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন ট্রিনিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি টাকারও বেশি। এই চুক্তির ফলে নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

চুক্তি নবায়নের আগে গত বছরের শেষে ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তখন তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। কয়েক সপ্তাহের আলোচনা শেষে শেষ পর্যন্ত পুরোনো ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই মার্কিন ফরোয়ার্ড।

উল্লেখ্য, এর আগে নারী ফুটবলে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতি। বার্সেলোনার হয়ে খেলা এই মিডফিল্ডার টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন (২০২৩, ২০২৪ ও ২০২৫)।

চুক্তি নবায়নের পর প্রতিক্রিয়ায় ট্রিনিটি রডম্যান বলেন, “এটা আমার ক্যারিয়ারের জন্য বড় একটি অধ্যায়। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।”

Advertisements
Advertisements