বিদ্যা ও সংস্কৃতির আবেশে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়

শুক্রবার, ২৩ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন করা হয় বর্ণিল উৎসব। মাঠের ভেতরে অস্থায়ীভাবে চারদিক ঘিরে বিভিন্ন দেবী সরস্বতীর মণ্ডপ নির্মাণ করা হয়। এর মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মণ্ডপ নির্মাণ করে ‘Daily Journalism Gazette’, যেখানে গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবিম্ব তুলে ধরা হয়েছে। প্রতিমা ও মণ্ডপের নকশার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সংকটকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পূজা দেখতে আসা দর্শনার্থীরা মোবাইলে ছবি তুলে এই ব্যতিক্রমী শিল্পভাবনার মুহূর্ত ধারণ করেন।

পূজা দেখতে আসা পরিবার, শিশু-কিশোর, বন্ধু ও স্বজনদের মিলনমেলায় পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে পালিত এই উৎসব শ্রীপঞ্চমীর দিনে বিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

পূজামণ্ডপজুড়ে আলপনা, রঙিন কাপড়, ফুল আর আলোয় সাজানো পরিবেশ যেন মুহূর্তেই বদলে দেয় পুরো জগন্নাথ হল মাঠকে। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর সনাতনী ভক্তদের প্রার্থনায় এক অনন্য আবেশ সৃষ্টি হয় চারপাশে।

ভোর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

পুকুরের জলে প্রতিফলিত বিশাল সরস্বতী প্রতিমা, সন্ধ্যার আলো-ছায়ার খেলায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দর্শনার্থীদের মোবাইল ক্যামেরায় বন্দি হয় উৎসবের রঙিন মুহূর্তগুলো।

দিনভর মানুষের ভিড়, হাসি-আড্ডা আর সংস্কৃতির ছোঁয়ায় জগন্নাথ হল মাঠ পরিণত হয় এক মিলনমেলায়—যেখানে ধর্মীয় আচার আর আনন্দ একসূত্রে মিলেছে।

সন্ধ্যার দিকে আলোকসজ্জায় পুরো মণ্ডপ এলাকা আরও মনোরম হয়ে ওঠে। আলো-ছায়ার মিশেলে দেবীর প্রতিমা যেন জীবন্ত হয়ে ধরা দেয় দর্শনার্থীদের চোখে।

অনেক দর্শনার্থী জানান, ব্যস্ত নগরজীবনের মাঝে এমন আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয়। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে সরস্বতী পূজা শুধুই ধর্মীয় আচার নয়, বরং জ্ঞানচর্চা ও সংস্কৃতির সঙ্গে নিজেদের সম্পর্ক নতুন করে অনুভব করার একটি উপলক্ষ।

পূজাকে কেন্দ্র করে কিছু মণ্ডপে আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় শিক্ষার্থীরা। এতে উৎসবের আনন্দ আরও বহুগুণে বেড়ে যায়।



