বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

রঙিন আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ঢাকা চলচ্চিত্র উৎসব

Untitled-2

নান্দনিক চলচ্চিত্র আর রুচিশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী আয়োজনে এবারের সেরা চলচ্চিত্রটিও প্রদর্শিত হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবের শেষ দিনে রাজধানীর দুটি ভেন্যুতে একযোগে চলবে চলচ্চিত্র প্রদর্শনী। ভেন্যু দুটি হলো—বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শিশু চলচ্চিত্র অধিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পরিণাম’। ১০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি পরিচালনা করেছেন এবিএম নজমুল হুদা।

এরপর দেখানো হবে ১৭ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দের ওপারে (ক্যান ইউ হিয়ার মি)’, নির্মাতা শিয়াম শামস ও সাইবা তালুকদার। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে বিভিন্ন দেশের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। বিকেল সাড়ে ৫টায় ওপেন টি বায়োস্কোপ বিভাগে দেখানো হবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বেহুলা দোরোদি’ (নির্মাতা: সবুজ খান)। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জোছনায়’। এই মিলনায়তনে আজ মোট ৭টি দেশের ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Advertisements

অন্যদিকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় ওপেন টি বায়োস্কোপ বিভাগে দেখানো হবে চীনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোজার্ট ফ্রম স্পেস’। সিনেমাটি পরিচালনা করেছেন সিচেং চেন। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে নেপাল, স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বেলা ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে থাকছে যুক্তরাষ্ট্রের ‘দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’ (নির্মাতা-পরিচালক: ম্যারিওন স্ট্যান্ডেফার)। বিকেল ৫টায় ওপেন টি বায়োস্কোপ বিভাগে প্রদর্শিত হবে ভারতের ‘গ্রে স্টোরি’, পরিচালনা করেছেন শঙ্খ ঘোষ। এই ভেন্যুতে আজ ৬টি দেশের মোট ৬টি চলচ্চিত্র দেখানো হবে।

উৎসব আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকাস্থ চীনা দূতাবাস, একশনএইড ও এসএমসি।

Advertisements