বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

জ্যোতি–সোবহানার ঝলকে প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের

Untitled-3

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপ অর্ডারের ব্যাটার সোবহানা মুস্তারি। এই দুই ব্যাটারের দৃঢ়তায় নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি—দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) দ্রুতই ফিরে যান। মাত্র ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

তবে তৃতীয় উইকেটে সোবহানা ও জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটিতে আসে বড় সংগ্রহ। তিন নম্বরে নামা সোবহানা মুস্তারি ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫৮ বলে করেন ৫৯ রান। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। অন্যদিকে অধিনায়ক জ্যোতি ছিলেন একেবারে অবিচল। ৫১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকান নয়টি চার ও একটি ছক্কা। তাদের ব্যাটে ভর করে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস নারী দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে তুলতে পারে ১২৫ রান। যদিও কয়েকজন ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন, তবে বড় ইনিংস গড়তে দেননি বাংলাদেশের বোলাররা।

Advertisements

ডাচ ওপেনার ফেবে মলকেনবোর্স ২৪ বলে করেন ২৮ রান। চার নম্বরে নামা স্টেরি ক্যালিস ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ছয়টি চার। এছাড়া রবিন রিজকে ও আইরিস জুইলিং করেন ১৫ রান করে। অধিনায়ক ও উইকেটরক্ষক ডি লিডে যোগ করেন ১৩ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার রাবেয়া খান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

Advertisements