কেন ভাঙনের পথে তাহসান–রোজার সম্পর্ক

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি টানার খবরে আবারও আলোচনায় শোবিজ অঙ্গন। বছর ঘুরতেই যে সংসার ভাঙনের মুখে পড়বে, তা হয়তো কেউই ভাবেনি।
হঠাৎ এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় নানা প্রশ্ন ও জল্পনা। ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল ‘কী এমন ঘটল, যে এত দ্রুত সব শেষ?’
তাহসানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই বিচ্ছেদের পেছনে কোনো একক ঘটনা নয়, বরং ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক দূরত্বই মূল কারণ। সময়ের সঙ্গে দুজনের চিন্তাভাবনা, জীবন দেখার দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থানে স্পষ্ট পার্থক্য তৈরি হয়।
জানা গেছে, গত বছরের জুলাই মাস থেকেই তারা আলাদা থাকছেন। বিষয়টি স্বীকার করে তাহসান নিজেই বলেছেন, গুঞ্জন নয়—এটাই বাস্তবতা। কয়েক মাস ধরেই তারা আলাদা, এবং শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে বাস্তব জীবনের এই বিচ্ছেদের প্রতিফলন এখনো পুরোপুরি দেখা যায় না রোজা আহমেদের সামাজিক যোগাযোগমাধ্যমে। তার ইনস্টাগ্রামে এখনো রয়ে গেছে বিয়ের ছবি, ভ্রমণের স্মৃতি। এতে অনেকের ধারণা হয়তো তিনি এখনও সম্পর্কটিকে পুরোপুরি শেষ বলে মেনে নিতে পারছেন না, কিংবা কোথাও এক চিলতে আশা রয়ে গেছে।
এদিকে অনলাইনে কেউ কেউ বলছেন, তাহসানের জীবনযাত্রার বড় পরিবর্তন গান থেকে দূরে সরে যাওয়া, আড়ালে চলে যাওয়ার প্রবণতা এই সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। তবে তার ঘনিষ্ঠদের দাবি, বিষয়টি এতটা সরল নয়। তাহসান মূলত নিজের জীবনকে আরও নিরিবিলি ও ব্যক্তিগত পরিসরে গুছিয়ে নিতে চেয়েছিলেন। এটি ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
অন্যদিকে, বিয়ের পর রোজা আহমেদের পরিচিতি ও সামাজিক উপস্থিতি আরও বেড়ে যায়। তিনি এই পরিবর্তন ও আলোচনাকে উপভোগ করছিলেন। শুরুতে দুজনই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু জীবনের গতি ও ভাবনার পার্থক্য ক্রমেই তাদের আলাদা পথে ঠেলে দেয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র কয়েক মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। পেশাগতভাবে রোজা একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি এই পেশায় কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। প্রায় ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। ওই সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে আইরা তাহরিম খান।
তাহসান ও রোজার সম্পর্কের ভবিষ্যৎ কী সে প্রশ্ন আপাতত খোলা থাকলেও বর্তমান বাস্তবতা বলছে, দুজনই এখন নিজেদের মতো করে সামনে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন।



