২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি: রুমিন ফারহানা

Untitled-1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘৯০-এর গণঅভ্যুত্থান হোক বা ২৪-এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে। ২৪-এর ৫ আগস্ট রাজপথে আমি ছাড়া আমার দলের আর কোনো নেতাকে দেখা যায়নি। তাই বলি যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।’

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থান্বেষী মহলের আপন নই। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি জীবনকে বাজি ধরেছি।’ তিনি আরও বলেন, ‘যারা কিছুদিন আগেও কচুক্ষেতের নিচে ছিল, হ্যাজাক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারাই এখন আমার নেতাকর্মীদের মামলা দিয়ে ভয় দেখায়। ১৫ মাসেই তাদের এত চর্বি হয়েছে যে, তারা আমার নেতাকর্মীদের হুমকি দেয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও আমি এক মুহূর্তের জন্য ভয় পাইনি। অন্তর্বর্তী সরকারের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে টোকা দেওয়ার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে।’

নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি। সেই আন্দোলন করেছিলেন কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ—যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাদের আত্মত্যাগেই বায়ান্নর ভাষা আন্দোলন সফল হয়েছিল এবং গণমানুষের দাবি প্রতিষ্ঠিত হয়েছিল।’

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Advertisements

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

Advertisements