বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সফলতা: ফরিদা আখতার

Untitled-3

গত ১৫ মাসে দেশে যে পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে ‘ফোর-এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং নানা শ্রেণি ও পেশার মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ তৈরি করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে উদ্ভূত সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কার আনা হচ্ছে, যা পরবর্তী যে সরকারই ক্ষমতায় আসুক কাজে লাগবে।

দেশে গরুর মাংসের দাম তুলনামূলকভাবে বেশি থাকার বিষয়ে তিনি বলেন, উৎপাদন ব্যয় কমাতে সরকার কাজ করছে। বিশেষ করে ‘ফোর-এফ মডেল’-এর মাধ্যমে খামার পরিচালনা করলে উৎপাদন বাড়বে এবং ব্যয় কমবে। এর ফলে গরু, ছাগল ও মহিষের মাংসের দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisements

অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisements