২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

আপিল করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তাসনিম জারার

Untitled-4

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন চিকিৎসক ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা। একই সঙ্গে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তাসনিম জারা।

তিনি বলেন, “মনোনয়নপত্র বাতিল হওয়ায় আমরা আপিল করেছি। মনোনয়নপত্রের বৈধতা আদায়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সামনে এগোতে চাই।”

তাসনিম জারা আরও বলেন, অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন জানিয়েছেন। “মাত্র দেড় দিনে প্রায় পাঁচ হাজার মানুষ স্বাক্ষর দিয়েছেন। অনেকেই নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এই মানুষের প্রত্যাশা ও সমর্থনের প্রতি সম্মান জানিয়ে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো,” বলেন তিনি।

মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তিনি নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি বেশি স্বাক্ষর জমা দেন। যাচাইয়ের সময় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে, যার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। বাকি দুইজনের তথ্য সঠিক হলেও তারা ঢাকা-৯ আসনের ভোটার নন বলে উল্লেখ করা হয়। যদিও তাদের ঠিকানা খিলগাঁও এলাকায়, যার একটি অংশ অন্য সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এদিকে তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন বলেন, “আমরা আশাবাদী যে আপিলে আইনি ভিত্তিতে সঠিক রায় পাওয়া যাবে এবং তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।”

Advertisements

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। এরপরই আপিলের ঘোষণা দেন তিনি।

এর আগে গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। পদত্যাগের দিনই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisements