মস্তিষ্কের মানচিত্রে নারী–পুরুষ

একবিংশ শতাব্দীর বিজ্ঞান, প্রযুক্তি ও মানবাধিকারের অগ্রগতির পরও নারী ও পুরুষের মধ্যে বুদ্ধিবৃত্তিক পার্থক্য নিয়ে বিতর্ক থেমে নেই। কে বেশি বুদ্ধিমান, কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কার বিশ্লেষণ ক্ষমতা শক্তিশালী এই প্রশ্নগুলো যুগে যুগে সমাজে ঘুরে ফিরে এসেছে। অথচ বাস্তবতা বলছে, আজ নারীরা নেতৃত্ব দিচ্ছেন মহাকাশ গবেষণায়, রাষ্ট্র পরিচালনায় ও জটিল বৈজ্ঞানিক উদ্ভাবনে; আবার পুরুষরাও সমান দক্ষতায় কাজ করছেন পরিচর্যা, শিল্পকলা ও গৃহস্থালির সৃজনশীল ক্ষেত্রে।
তবুও প্রশ্ন থেকেই যায় এই পার্থক্যগুলো কি আসলেই মস্তিষ্কের গঠনের কারণে? নাকি সামাজিক পরিবেশ, শিক্ষা ও অভ্যাসই এখানে মূল ভূমিকা রাখে? আধুনিক নিউরোসায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই পুরোনো প্রশ্নকে নতুন আলোয় বিশ্লেষণ করছে।
উনিশ ও বিশ শতকের শুরুর দিকে বিজ্ঞানীরা মানুষের মাথার খুলির আয়তন ও মস্তিষ্কের ওজন পরিমাপ করে একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন—গড়ে পুরুষের মস্তিষ্ক নারীদের তুলনায় কিছুটা ভারী। এখান থেকেই জন্ম নেয় বহুল আলোচিত ‘মিসিং ফাইভ আউন্স’ তত্ত্ব, যেখানে দাবি করা হয় নারীদের মস্তিষ্কের ওজন কম হওয়ায় তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাও কম।

তবে আধুনিক গবেষণা এই ধারণাকে সম্পূর্ণভাবে বাতিল করেছে।
বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী New Scientist এবং Nature Neuroscience-এ প্রকাশিত গবেষণাগুলো স্পষ্টভাবে দেখিয়েছে—
মস্তিষ্কের ওজন বা আয়তনের সঙ্গে বুদ্ধিমত্তার কোনো সরাসরি সম্পর্ক নেই। শরীরের আকার বড় হলে মস্তিষ্কের আয়তন স্বাভাবিকভাবেই কিছুটা বড় হয়। প্রাণিজগতেও একই নিয়ম প্রযোজ্য—বড় দেহ ≠ বেশি বুদ্ধি
অর্থাৎ, মস্তিষ্কের গঠন নয়, বরং মস্তিষ্কের কার্যকর সংযোগ (neural connectivity) এবং অভিজ্ঞতাই বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নির্ধারণ করে।
সময়ে যুক্তরাষ্ট্রের Stanford University School of Medicine-এর একদল গবেষক মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণে Artificial Intelligence (AI) ব্যবহার করছেন। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন স্ট্যানফোর্ড মেডিসিনের মনোরোগ ও আচরণগত বিজ্ঞানের অধ্যাপক ড. বিনোদ মেনন।
তবে গবেষকদের উদ্দেশ্য নারী-পুরুষের মধ্যে কে শ্রেষ্ঠ—তা নির্ধারণ করা নয়। ড. মেননের ভাষায়, আমাদের মূল লক্ষ্য হলো মস্তিষ্কের বিকাশ, বার্ধক্য এবং স্নায়বিক ও মানসিক রোগে লিঙ্গভিত্তিক পার্থক্যগুলো বোঝা, যাতে চিকিৎসা আরও কার্যকর করা যায়।
কিছু নির্দিষ্ট স্নায়বিক রোগ পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়, যেমন:
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, পারকিনসন ডিজিজ
অন্যদিকে নারীদের মধ্যে বেশি দেখা যায়—
মাল্টিপল স্কলেরোসিস, ডিপ্রেশন ও উদ্বেগজনিত রোগ
গবেষকদের মতে, এই পার্থক্যগুলো বোঝা গেলে ভবিষ্যতে লিঙ্গভিত্তিক নির্ভুল চিকিৎসা (precision medicine) সম্ভব হবে।
‘সেক্স ডিফারেন্স’ বিতর্ক ও সমালোচকদের অবস্থান
তবে এই গবেষণাগুলো নিয়ে সমালোচনাও কম নয়। ব্রিটিশ নিউরোসায়েন্টিস্ট ও Aston University Brain Centre-এর ইমেরিটাস অধ্যাপক জিনা রিপন, তাঁর আলোচিত বই The Gendered Brain এবং The Guardian-এ প্রকাশিত লেখায় সতর্ক করেছেন— বর্তমানে একটি ‘সেক্স ডিফারেন্স অ্যাজেন্ডা’ তৈরি হয়েছে, যেখানে সামাজিক বৈষম্যকে বৈজ্ঞানিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। নারী ও পুরুষের মধ্যে পার্থক্য থাকলেও তা স্থায়ী বা অপরিবর্তনীয় নয়।
নারী ও পুরুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে। তবে গবেষণার ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে চরম সতর্কতা প্রয়োজন।
একদিকে যেমন চিকিৎসার প্রয়োজনে পার্থক্য বোঝা জরুরি,
অন্যদিকে সেই পার্থক্যকে ব্যবহার করে সামাজিক বৈষম্য, বৈরিতা বা শ্রেষ্ঠত্বের দাবি প্রতিষ্ঠা করা অনুচিত।
বিজ্ঞান আমাদের শেখায় মানুষের সম্ভাবনা লিঙ্গ দিয়ে সীমাবদ্ধ নয়। আর মানবিকতা শেখায় সমতা মানে সুযোগের সমতা, মর্যাদার সমতা এবং সম্মানের সমতা।



