ঢাকা-৯ আসনে প্রয়োজনীয় স্বাক্ষর পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন করেছেন তাসনিম জারা।
নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে সংশ্লিষ্ট আসনের মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। ঢাকা-৯ আসনে এ জন্য প্রয়োজন ছিল ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর।
গত রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাসনিম জারা। এ জন্য খিলগাঁও ও বাসাবো এলাকায় দুটি বুথ স্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এক দিনেই প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। সোমবার বিকেলে সংগৃহীত স্বাক্ষরগুলো নিয়ে তাসনিম জারা সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
এর আগে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট গঠনের পর দল থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। পরে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।



