খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, “স্বাভাবিকভাবে বলা যাবে না যে ম্যাডামের অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। আল্লাহর রহমতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছু হবে।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করছেন।
এ সময় তিনি জানান, চিকিৎসায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া ও হাসপাতালের অন্যান্য রোগীর চিকিৎসা যেন ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে এবং অতিরিক্ত উৎসাহে কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।



