বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ‘ধর্ষণ’, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী নেত্রী বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা, যৌন নিপীড়ন ও হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, গোপনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার নির্যাতন করা হয়েছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কার্যক্রমের সূত্র ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই নারী নেত্রীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ও স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তাকে আরও কয়েকবার নিপীড়নের শিকার হতে হয়। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি বিষয়টি এড়িয়ে চলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সর্বশেষ গত ১৭ ডিসেম্বর নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযুক্ত ব্যক্তি বিয়ে করবেন না বলে স্পষ্ট জানালে ভুক্তভোগী এর প্রতিবাদ করেন। এ সময় তার ওপর হামলার চেষ্টা করা হয়, এতে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ আইনগতভাবে গ্রহণ করা হয়েছে। মামলায় একজনকেই অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযুক্তের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। আগেও অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তিনি আলোচনায় আসেন এবং একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন।



