হত্যার হুমকির অভিযোগ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোয় হত্যার হুমকির মুখে পড়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক,এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই।
অভিনেত্রী জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে বিভিন্ন অচেনা নম্বর থেকে একের পর এক ফোনকল পাচ্ছেন বলে জানান চমক।
বিষয়টি নিয়ে এক ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেন, তাকে ইতোমধ্যে কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি তারা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে সেটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।”
ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, অনেকেই তাকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন। তবে তিনি এ বিষয়ে ভীত নন উল্লেখ করে বলেন, “তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি গুলি খাওয়ার ভয়ে ঘরে বসে থাকব না। যদি আমার কিছু হয়, সেটি গর্বের সঙ্গেই হবে।”
অভিনেত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার অনেকে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



