বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২২ আগস্ট, ২০২৬
নারী

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

Untitled-6

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। তবে আক্রান্ত গৃহবধূ বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করতে সক্ষম হন।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, ঘটনার দিন বিকেলে তিনি তাঁর শিশু সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে আজাহার মিয়া (৪২) ও রাজিব মিয়া (৩৫) নামের দুই ব্যক্তি জোরপূর্বক তাঁর কক্ষে প্রবেশ করে। অভিযুক্তরা ঘরে অন্য পুরুষের উপস্থিতি আছে—এমন মিথ্যা অভিযোগ তুলে জোরপূর্বক শয়নকক্ষে প্রবেশ করে।

মামলার এজাহার অনুযায়ী, তারা জোর-জুলুম শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। কিন্তু অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর শিশু সন্তানকে জিম্মি ও গৃহবধূর স্বামীকে হত্যার হুমকি দিয়ে তারা ধর্ষণচেষ্টা চালায়। চরম বিপদের মুখে একপর্যায়ে ওই গৃহবধূ কৌশলে ঘর থেকে বেরিয়ে এসে জীবন বাঁচান।

ভুক্তভোগী গৃহবধূ রাতেই অভিযুক্ত আজাহার মিয়া ও রাজিব মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

এলাকার একাধিক বাসিন্দা ও বাড়ির মালিক জানিয়েছেন, অভিযুক্ত দুজন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছে এবং সন্ধ্যার পর মদ পান করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও অত্যাচার-নির্যাতন চালায়। বাড়ির মালিক গৃহবধূর অভিযোগকে ‘শতভাগ সত্য’ বলে উল্লেখ করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, “গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমরা দুজনের বিরুদ্ধে মামলা নিয়েছি। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু করা হয়েছে।”

Advertisements