লটারিতে চার জেলায় নারী এসপি নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন নারী। তাঁরা হবিগঞ্জ, শরীয়তপুর, জয়পুরহাট ও বরিশালের এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী—মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে, যশোরের এসপি রওনক জাহানকে শরীয়তপুরে, মাগুরার এসপি মিনা মাহমুদাকে জয়পুরহাটে এবং রাজশাহীর এসপি ফারজানা ইসলামকে বরিশালে বদলি করা হয়েছে।
এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলাভিত্তিক এসপি নিয়োগের ক্ষেত্রে প্রথমে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর বাকি কর্মকর্তাদের যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। ওই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জন এসপি নির্বাচিত করা হয়।



