বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারী

২০ বছরের সাধনায় হাফেজ হলেন ৭০ বছরের নারী

Untitled-5

দৃঢ় সংকল্প আর অবিচল সাধনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের সত্তরোর্ধ্ব হামদাহ বিনতে আহমাদ সাআদ আল-গামদি। দীর্ঘ ২০ বছরের নিরবচ্ছিন্ন চেষ্টার পর ৭০ বছর বয়সে তিনি সম্পূর্ণ ৩০ পারা কোরআন মুখস্থ করার বিরল সম্মান অর্জন করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সাবকের খবরে জানা যায়, হামদাহ আল-গামদি সৌদি আরবের কোরআন শিক্ষা সংস্থা ‘তারতিল’-এর আল-বাহা শাখার নিয়মিত শিক্ষার্থী ছিলেন। দক্ষ কয়েকজন মহিলা শিক্ষিকার তত্ত্বাবধানে তিনি শুরু করেছিলেন তাঁর হিফজুল কোরআনের যাত্রা।

শিক্ষিকারা জানান, বয়সজনিত দুর্বলতা ও শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি ছিলেন এক অসাধারণ অধ্যবসায়ী শিক্ষার্থী। নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ ও কোরআন হিফজের প্রতি তাঁর প্রবল আগ্রহ অন্য সবার জন্য ছিল গভীর অনুপ্রেরণার।

তাঁদের ভাষায়, “শারীরিক প্রতিকূলতাকে জয় করে প্রতিদিন যে উদ্দীপনা নিয়ে তিনি ক্লাসে আসতেন, তা প্রমাণ করে—দৃঢ় সংকল্প থাকলে বয়স কোনো বাধা নয়।”

Advertisements

এই অর্জনকে কেন্দ্র করে তারতিল কর্তৃপক্ষ একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করে। সেখানে তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীরা তাঁকে অভিনন্দন জানান। আবেগঘন সেই মুহূর্তে উপস্থিত সবাই দোয়া করেন—আল্লাহ যেন তাঁর এই দীর্ঘ সাধনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ করে দেন।

তারতিলের পরিচালনা পর্ষদের প্রধান অধ্যাপক আলী আস-সুরু হামদাহ আল-গামদি ও তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়ে বলেন, খুব শিগগির তাঁকে আরও বড় পরিসরে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম কোরআন হিফজে অনুপ্রাণিত হয়।

Advertisements