রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতায় যৌন সহিংসতা বেড়েছে: মহিলা পরিষদ

সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতির সুযোগে দেশে যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। কিশোর ও তরুণদেরও এ ধরনের ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং আত্মহত্যার মতো অপরাধ বাড়ার পাশাপাশি বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে সহিংসতার ধরন ও মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে মহিলা পরিষদ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।
তিনি জানান, দেশের ১৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে—চলতি বছরে ২ হাজার ৪৬৮ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও আত্মহত্যার ঘটনা রয়েছে ৭১৩টি। পাশাপাশি যৌতুক, পারিবারিক সহিংসতা, হত্যা, বাল্যবিবাহ, যৌন নিপীড়ন, অপহরণ এবং সাইবার সহিংসতার মতো অপরাধও বেড়েছে।
মহিলা পরিষদ এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমাণতা নিশ্চিত করুন’ স্লোগান নিয়ে ১৬ দিনের কর্মসূচি পালন করছে।



