মিশেল ওবামা: “যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য তৈরি নয়”

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, দেশটি এখনও নারী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তিনি গত নির্বাচনে কমলা হ্যারিসের ফলাফলকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
এক অনুষ্ঠানে যখন মিশেলকে প্রশ্ন করা হয়, “যুক্তরাষ্ট্রে কি নারী প্রেসিডেন্টের জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে?”, তিনি উত্তর দেন, “গত নির্বাচনের ফলাফলের আলোকে আমরা এখনও প্রস্তুত নই। এটি দুঃখজনক হলেও সত্য।”
মিশেল আরও বলেছেন, “আমি কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। নারী নেতৃত্বের জন্য আমাদের আরও মানসিক ও সামাজিক পরিণতি প্রয়োজন। এখনও অনেক পুরুষ ভাবেন, তারা নারী নেতৃত্ব গ্রহণ করতে পারবেন না।”
এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ব্রুকলিনে, যেখানে তার নতুন বই দ্য লুক এর প্রচার করা হয়। নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন অভিনেত্রী এলিস রস।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিশেল ওবামা ডেমোক্র্যাট সমর্থকদের কাছে দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয়। অনেকেই তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান। তবে তিনি সর্বদা এ ধরনের সম্ভাবনা অস্বীকার করেছেন। ২০১৬ সালে ফার্স্ট লেডি থাকাকালীনও বলেছিলেন, তিনি কখনো প্রেসিডেন্ট প্রার্থী হবেন না।
গত নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারণায় অংশ নিয়েছিলেন বারাক ওবামা, এবং ভোটারদের ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান করেছিলেন। হ্যারিস সম্প্রতি বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখনো রাজনীতিতে সক্রিয় এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের কথা বিবেচনা করছেন।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। হ্যারিস আশা প্রকাশ করেছেন, একদিন হোয়াইট হাউসে একজন নারী প্রেসিডেন্টকে দেখা যাবে।



