২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

7d026180-80d9-11ed-bcb1-79a7ee7dbef7.jpg

ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। গত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা তাঁদের আগের শিক্ষকদের পুনর্বহালের দাবি জানাচ্ছেন। অন্যদিকে, মানবাধিকারকর্মীরা বলছেন, এ সিদ্ধান্ত দেশটিতে নারীর অধিকার সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক ইঙ্গিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নারী ও পুরুষের মধ্যে মেলামেশা বন্ধ করা এবং পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা এ যুক্তি প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় থেকেই তাঁরা জানতেন যে পুরুষ শিক্ষকেরা তাঁদের পড়াবেন। এমনকি তাঁদের পরিবারও এই সিদ্ধান্তের বিরোধিতা এবং শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা ও ভয় দেখানোর অভিযোগ

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা তাঁদের প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে উপহাস করেছেন। শিক্ষক পরিবর্তনের কারণে পড়াশোনা ও গবেষণায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও কর্তৃপক্ষ আলোচনায় আগ্রহ দেখায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য ছড়ানো হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার দাবির পেছনে শিক্ষার্থীদের অসৎ উদ্দেশ্য রয়েছে। তবে শিক্ষার্থীরা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মনে করছেন। ২২ বছর বয়সী হুদা নামের এক শিক্ষার্থী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানান, সহপাঠীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাঁদের পথ আটকে দেন। এ সময় দেহরক্ষীরা তাঁদের নিয়ে উপহাস করেন বলেও অভিযোগ করেন তিনি।

হুদার দাবি, শিক্ষার্থীদের ভয় দেখানো এবং পরবর্তী সময়ে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাঁদের মুখের ছবি তুলতে দেহরক্ষীদের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাথা দেয়ালে ঠুকলেও পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনা হবে না।

Advertisements

শিক্ষক পরিবর্তনে ব্যাহত হচ্ছে গবেষণা ও পড়াশোনা

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ায় তাঁদের একাডেমিক কার্যক্রমেও সমস্যা দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী আগে থেকেই ওই শিক্ষকদের তত্ত্বাবধানে স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রকল্প ও গবেষণার কাজ করছিলেন।

দীর্ঘদিনের পরিচয়ের কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের সক্ষমতা, দুর্বলতা এবং কাজের ধরন সম্পর্কে ভালোভাবে জানতেন। নতুন শিক্ষকদের কাছে গবেষণার বিষয় ও কাজের অগ্রগতি বুঝিয়ে দেওয়াও এখন কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, নতুন সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে তাঁরা চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারেন। এতে ক্ষোভ আরও বেড়েছে আন্দোলনকারীদের মধ্যে।

নারীর অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফার মতে, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে, যেন তাঁরা নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন না। অথচ তাঁদের শিক্ষাজীবনকে সরাসরি প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার অধিকার থাকা উচিত।

তিনি মনে করেন, পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার ঘটনা ইরাকে নারীর অধিকার সংকুচিত হওয়ার বৃহত্তর প্রবণতারই অংশ। একই সঙ্গে নারীদের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক নিয়ন্ত্রণমূলক আলোচনা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমানও বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা একটি সামাজিক বিপর্যয়। সালমানের আশঙ্কা, নারীদের প্রতিভা ও সম্ভাবনাকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। ইরাকি সমাজকে এমন এক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা তালেবানশাসিত আফগানিস্তানের বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। অথচ ইরাকের নারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষরিত ও অনুসমর্থিত আন্তর্জাতিক চুক্তি ও মানবাধিকার সনদের সঙ্গে সাংঘর্ষিক। আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা তাই কেবল শিক্ষক পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষে সীমাবদ্ধ নেই। বরং ইরাকে নারী শিক্ষার স্বাধীনতা, সমান অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় নারীদের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

Advertisements