বৈষম্য দূর করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ : সেলিমা রহমান

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি একটি সমন্বিত সামাজিক উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি জানান, “বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার এবং সম্মান নিশ্চিত করা হবে।”
আজ শনিবার মাগুরা জেলার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, “দেশের নারীরা গত ১৭ বছর ধরে ‘পতিত সরকার’-এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন। ওই সরকার নারীদের স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এবং কোনো নারীকে নিরাপত্তা দিতে পারেনি। ভোটাধিকারও হরণ করা হয়েছিল। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার তারেক রহমান সেই অধিকার পুনরুদ্ধার করেছেন। গত ১৭ বছর ধরে তিনি জনগণের পাশে থেকে নারীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে কিছু বিভ্রান্তি এবং ধর্মীয় বিষয়াদি নিয়ে প্রতারণা করা হচ্ছে নারীদের। তাদের জান্নাতের টিকিট দেওয়ার নামে এসব ফাঁদে পা না দেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপি নারী ও শিশু অধিকার রক্ষায় একটি বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে।”
সমাবেশে নারীদের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার নিয়ে আলোচনা এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়।



