অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ্যুম

প্রশংসা সবসময় আনন্দের হলেও, কখনও কখনও সেটাই হতে পারে ব্যক্তিগত উন্নতির পথে সবচেয়ে বড় বাধা এমনটাই মনে করেন স্থপতি মেরিনা তাবাশ্যুম। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পুরস্কার পাওয়া যেমন সম্মানের, তেমনি তা অনেক সময় নিজের কাজের ধারাবাহিকতা ও মনোযোগের জন্য চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায়।
তার ভাষায়, “যখন আপনি কোনো অ্যাওয়ার্ড পান, মানুষ আপনাকে মাথায় তুলে ফেলে। তখন নিজেকে খুব বড় কিছু মনে হতে শুরু করে। কিন্তু আসল লড়াইটা তখনই কীভাবে নিজেকে আবার মাটিতে নামানো যায়, কীভাবে নিজেকে বাস্তবতায় ফিরিয়ে আনা যায়। এটা একধরনের মানসিক প্রক্রিয়া, যার মধ্য দিয়ে যেতে হয়।”
মেরিনা তাবাশ্যুম মনে করেন, পুরস্কার অনেক সময় একজন পেশাজীবীর জন্য ‘প্রবলেমেটিক’ হয়ে দাঁড়ায়। কারণ, তখন নানা জায়গা থেকে আমন্ত্রণ আসে বক্তৃতা দিতে হয়, সাক্ষাৎকার দিতে হয়, মানুষ কথা বলতে চায় আর এসবের মধ্যেই নষ্ট হয় সৃষ্টিশীল কাজের সময়।
তবে সবকিছুর মাঝেও তিনি আশাবাদ হারান না। তার মতে, একজন স্থপতির মূল শক্তি হলো আশা। “যত দুর্যোগই আসুক, স্থপতিদের কাজ করতে হয় আশার জায়গা থেকে,” বলেন তিনি। ইতিবাচক মানসিকতা ধরে রাখতেই দিনের শুরুতে নেতিবাচক খবর এড়িয়ে চলেন তিনি।



