বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

১ কোটি ৭০ লাখ শিশু পেল টাইফয়েডের টিকা

tika.jpg&w=315&h=195

দেশজুড়ে চলছে টাইফয়েডের টিকাদান অভিযান। এখন পর্যন্ত অন্তত এক কোটি ৭০ লাখ শিশু এই টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ। বুধবার সিরডাপে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।

১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য—৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট চার কোটি ৯০ লাখ শিশুকে টিকার আওতায় আনা। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান। তিনি বলেন, দেশে টাইফয়েড নিয়ন্ত্রণে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিরাপদ, কার্যকর এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভ্যাকসিন। তাই অভিভাবকদের সন্তানদের টিকা দিতে আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর জানান, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকাদান কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এসব গুজব ছড়ানোকারীদের শনাক্ত করে প্রতিহত করার চেষ্টা চলছে।

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, টিকাদান কার্যক্রমের অগ্রগতি দেখে তারা নির্ধারিত লক্ষ্য অর্জনে আশাবাদী।