নিশা বিসওয়ালের নেতৃত্বে বাংলাদেশে এশিয়া গ্রুপ–ওসিরিস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে দ্য এশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়ার লিড পার্টনার নিশা দেশাই বিসওয়ালের নেতৃত্বে বাংলাদেশে কৌশলগত যৌথ কার্যক্রম শুরু করেছে বৈশ্বিক পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপ (টিএজি) ও বিনিয়োগ পরামর্শদাতা প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপ।
উভয় প্রতিষ্ঠানের ঘোষণায় বলা হয়, এই উদ্যোগ বাংলাদেশের বাজারে প্রবেশ, ব্যবসা সম্প্রসারণ, ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ, নীতিগত সহায়তা এবং সরকারি পর্যায়ে সম্পৃক্ততার মাধ্যমে নীতিনির্ধারণে সহায়তা করবে।
এশিয়া গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, এই অংশীদারিত্বে যুক্ত হচ্ছে ওসিরিস গ্রুপের স্থানীয় কর্মী ও নেটওয়ার্কের অভিজ্ঞতা এবং এশিয়া গ্রুপের বিশ্বমানের কৌশলগত দক্ষতা। নিশা বিসওয়াল ২৯ মে এশিয়া গ্রুপে পার্টনার হিসেবে যোগ দেন।
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা প্রসঙ্গে নিশা বিসওয়াল বলেন, “দেশটির তরুণ শ্রমশক্তি, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার এবং প্রতিযোগিতামূলক উৎপাদনশীল খাত একে বৈশ্বিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরছে। নীতি, রাজনৈতিক পরিবর্তন এবং অবকাঠামোগত বাস্তবতা বুঝে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ পরামর্শ দরকার, আর এই অংশীদারিত্ব সে চাহিদা পূরণে সক্ষম হবে।”
এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্প্রসারণ, বাজার বিশ্লেষণ ও নীতি সহায়তার ক্ষেত্রে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমর্থন দেওয়া হবে।
ওসিরিস গ্রুপের পক্ষে এই উদ্যোগে নেতৃত্ব দেবেন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক ফারুক সোবহান। পাশাপাশি থাকবেন সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার জেসন বাজাজ, যিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তিন দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক বিনিয়োগ ও পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ফারুক সোবহান বলেন, “এই অংশীদারিত্ব আন্তর্জাতিক কৌশলকে স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করেছে, যা নীতি, বাস্তবায়ন ও জনগণের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলবে।”
ওসিরিস গ্রুপের অভিজ্ঞতা ও এশিয়া গ্রুপের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবসায়িক কৌশল নির্ধারণে গতি আসবে বলে জানিয়েছেন জেসন বাজাজ।
এশিয়া গ্রুপের প্রেসিডেন্ট রেক্সন রিউ বলেন, “নিশা বিসওয়ালের নেতৃত্ব এবং ওসিরিসকে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত করার মাধ্যমে আমরা কৌশলগত অন্তর্দৃষ্টি ও বাস্তবায়নের মধ্যকার সেতুবন্ধন গড়ে তুলেছি।”
উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে নিশা বিসওয়াল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নেন এবং সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন। অতীতে তিনি যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (DFC)-এর ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই যৌথ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে নীতিনির্ধারণ, বাজার প্রবেশ কৌশল এবং ব্যবসায়িক সহায়তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।



