বাংলাদেশ নারী ক্রিকেটাররাও ছেলেদের সমান ভাতা পাবে

বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার- বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি । অনেক ক্ষেত্রেই তাঁরা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না—জ্যোতির এই দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়।
তবে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান সুবিধা পাবেন। দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে বলে জানিয়েছেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান।
সেখানে জ্যোতিদের সাকল্যে দেওয়া হয় ৭৫ ডলার। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় বিসিবির নারী বিভাগ।



