আপনারা থামুন, নিজের কাজে মন দিন : সোনাক্ষী

বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। সম্প্রতি আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে ফের চর্চায় উঠে এলেন এই দম্পতি।
সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং সেই সফরের নিজেদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক।

সোনাক্ষীর পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই উত্তাল হয়ে ওঠে নেটপাড়া।
সমালোচনা শুধু কমেন্ট বক্সেই সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে সমালোচনা করতে থাকেন। বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী। কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি।
সোনাক্ষী সমালোচকদের উদ্দেশ্য করে লেখেন, ‘আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের ভেতরে জুতো পায়ে যাইনি। মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।’



