বাটা বাংলাদেশের প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন

বহুজাতিক কোম্পানি বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। তিনি কোম্পানিটির সর্বপ্রথম প্রথম নারী এমডি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। স্বাধীনতার পর প্রথম কোনো বাংলাদেশি হিসেবে দায়িত্ব নেবেন ফারিয়া।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনার কথা জানায় বাটা শু কোম্পানি বাংলাদেশ। এতে বলা হয়, ফারিয়া ইয়াসমিন কোম্পানির বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। আগামী মাসে নতুন দায়িত্ব নেবেন তিনি। এদিকে আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন দেবব্রত মুখার্জি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফারিয়া ইয়াসমিন ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনা মিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ২৩ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এসিআইতে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলেতেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।



