বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

প্রথমবার নারী পরিচালক পেতে যাচ্ছে বিসিবি

WhatsApp Image 2025-10-07 at 16.17.16_800a33ca

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে পরিচালক হন ইশফাক আহসান। আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে তাঁর জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

বিসিবি সূত্রে জানা গেছে, এনএসসি থেকে একজন নারী বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবার নারী পরিচালক পেতে যাচ্ছে। এর আগে বিসিবির পরিচালনা পর্ষদে কোন নারী ছিলেন না। এমনকি এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার কোটায় ১০জনকে বিসিবির পক্ষ থেকে কাউন্সিলর মনোনীত করা হলেও ছিলেন না কোন নারী। তবে এনএসসি থেকে সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে কাউন্সিলর করা হয়েছিল।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। এছাড়াও বোর্ডে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বুলবুল বলেন, ‘ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনা দরকার। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। বর্তমানে এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। এছাড়াও তিনি সম্পৃক্ত ছিলেন খেলাধুলার সঙ্গেও। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি।

এছাড়াও রুবাবা দৌলা ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবার।