শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র ‘শিশু অধিদপ্তর’ জরুরি

জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে নারী উন্নয়ন শক্তির সভাকক্ষে নারী ও শিশু উন্নয়নে সক্রিয় ছয়টি সংগঠন একটি আলোচনা সভা করেন। এই আলোচনা সভাটির যৌথ আয়োজক ছিল নারী ও শিশু উন্নয়নে সক্রিয় ছয়টি সংগঠন।সংগঠনগুলো হলো- নারী উন্নয়ন শক্তি, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সি-লিড, ফোরাম নারী মঞ্চ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন বলেন, দেশের শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র শিশু অধিদপ্তর জরুরি। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের সভাপতি সাহিদা ওয়াহাব, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন, সিলিডের সদস্য এবং ফোরাম নারী মঞ্চের পরিচালক সেলিনা আক্তার, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।
আলোচকরা বলেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা শিশু অধিকার সংশ্লিষ্ট কাজ করলেও একটি সমন্বিত নীতিগত কাঠামো না থাকায় অনেক ক্ষেত্রেই শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশের শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘শিশু অধিদপ্তর’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে শিশু শ্রম, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও অনলাইন সহিংসতার মতো সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব সমস্যা সমাধান এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে একটি কেন্দ্রীয় ও কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান গঠন অপরিহার্য।



