কেওক্রাডং ভ্রমণে মানতে হবে যেসব শর্ত

বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। পর্যটকদের আকর্ষণের এই স্থানটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ১ অক্টোবর ২০২৫ থেকে আবারও উন্মুক্ত করা হয়েছে। তবে সেখানে ভ্রমণে যেতে হলে কিছু শর্ত অবশ্যই মানতে হবে।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় কমিটির সভা, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ এবং সেনানিবাসের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কেওক্রাডংসহ রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। কেবল সেসব জায়গায় পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকবে। অন্য এলাকায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ।

পর্যটকদের জন্য শর্তগুলো হলো:
১. উন্মুক্ত ঘোষিত এলাকা ছাড়া রুমার অন্য কোথাও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ।
২. জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
৩. চেকপোস্ট বা তথ্যকেন্দ্রে চাহিদামতো তথ্য দিতে হবে।
৪. নিয়ম ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানাতে হবে।
৫. ফিটনেসবিহীন বা অনুপযোগী যানবাহন ব্যবহার করা যাবে না। প্রয়োজন হলে উপজেলা প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
৬. কোনো অযাচিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আবারও পর্যটন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বান্দরবান শহর থেকে রুমার দূরত্ব ৪৩ কিলোমিটার। রুমা উপজেলা সদর থেকে কেওক্রাডং যেতে আরও ৩০ কিলোমিটার এবং বগা লেক থেকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার পর পুরো জেলায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কেওক্রাডং ভ্রমণও বন্ধ ছিল।



