বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
বিনোদন

‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা দিয়ে বলিউডে অভিষেক মীনাক্ষীর

minakkhi

বর্তমান সময়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় আলোচিত মুখ মীনাক্ষী চৌধুরী। একের পর এক সিনেমায় অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন। অল্প সময়ে জয় করে নিয়েছেন অগণিত দর্শকহৃদয়। পাশাপাশি বড় বড় নির্মাতাদেরও মনোযোগ কেড়েছেন। এবার বলিউড সিনেমায় অভিষেক হতে চলেছে মীনাক্ষীর।

‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’–মতো একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। এবার ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে মীনাক্ষী চৌধুরীর। অন্যদিকে এই সিনেমা দিয়ে বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরেছেন অভিনেতা জন আব্রাহাম।

শুধু তাই নয়, ইতোমধ্যে জন নির্মাতা বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’ সিনেমার রাইটসও কিনে নিয়েছেন। তিনি চাইছেন, সিনেমার গল্পকে এবার একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে; যেখানে থাকবে দেশি আবেগ, সঙ্গে টানটান অ্যাকশন ও থ্রিলারের জমাট মিশেল। এ কারণে তিনি পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

বহু অভিনেত্রীর অডিশনের পর শেষ পর্যন্ত মীনাক্ষী চৌধুরীকে নির্বাচন করেছন। সিনেমায় মীনাক্ষী থাকবেন একেবারে অ্যাকশন-প্যাকড চরিত্রে।

নির্মাতা সূত্রে জানা গেছে, মীনাক্ষীকে কয়েক মাসের সময় দেওয়া হয়েছে বলিউডে অভিষেক স্মরণীয় করে রাখা এবং অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। এই সময়ে তাঁকে দিয়ে কয়েকটি অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে, যাতে চরিত্রটিকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

জানা যায়, আগামী নভেম্বরে ‘ফোর্স ৩’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশন। এই সিনেমার কাজ শুরুর আগে পরিচালক রোহিত শেঠির সঙ্গে রাকেশ মারিয়া বায়োপিক-এর কাজ শেষ করবেন জন। অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হতে পারে। এরপরই জন কাজ করবেন ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে।

২০২৬ সালের প্রথমার্ধে সিনেমাটি মুক্তি পেতে পারে। ইতোমধ্যে জন আব্রাহামের সঙ্গে মীনাক্ষী চৌধুরীর জুটি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Advertisements