নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে সুইডিশ আনা ব্রেমান

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের (আরবিএনজেড) নতুন গভর্নর হচ্ছেন সুইডিশ নাগরিক আনা ব্রেমান। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম বিদেশি ও নারী গভর্নর।
সাম্প্রতিক সময়ে কিউই অর্থনীতি পরিচালনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আরবিএনজেড। এরই ধারাবাহিকতায় সংস্থাটিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই ব্রেমানকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে আনা ব্রেমান সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্সব্যাঙ্কের প্রথম ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী নিকোলা উইলিস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ৩০০ সম্ভাব্য প্রার্থীর মধ্যে বাছাই করে আরবিএনজেড বোর্ড ব্রেমানকে মনোনীত করেছে।
অর্থমন্ত্রী উইলিস এক সংবাদ সম্মেলনে বলেন,“প্রযুক্তিগত দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্বের অসাধারণ সমন্বয় নিয়ে নিউজিল্যান্ডে আসছেন ড. ব্রেমান।”আরবিএনজেড বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রজার ফিনলে বলেন, ব্রেমানের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সেন্ট্রাল ব্যাংকিং থেকে একাডেমিয়া ও আর্থিক বাজার—সব ক্ষেত্রেই তার গুরুত্বপূর্ণ অবদান আছে। মুদ্রানীতি, আর্থিক স্থিতিশীলতা ও পেমেন্ট সিস্টেম বিষয়ে তার শক্তিশালী কারিগরি জ্ঞান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা আরবিএনজেডকে নতুন দিক দেখাবে।
এর আগে কানাডার সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কারনি ২০১৩ সালে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হয়েছিলেন। ফলে বিদেশি নাগরিককে এ ধরনের দায়িত্ব দেওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম নয়।বর্তমানে ক্রিস্টিয়ান হকসবে আরবিএনজেডের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পূর্বসূরী আদ্রিয়ান ওর সরকার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এ বছরের মার্চে পদত্যাগ করেছিলেন।
৪৯ বছর বয়সী আনা ব্রেমান গভর্নর হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন,“রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড একটি অসাধারণ প্রতিষ্ঠান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক নীতিনির্ধারণে এ প্রতিষ্ঠান পথপ্রদর্শক। এখানকার কর্মীরা নিবেদিত ও বিশ্বস্ত, যারা জানে এ ব্যাংক নিউজিল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”
ব্যক্তিগত জীবনে আনা ব্রেমান বিবাহিত ও দুই কন্যা সন্তানের জননী।



