২১০ কেজি ভার তুলে নতুন রেকর্ড মাবিয়ার

এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আবারও ইতিহাস গড়লেন। আজ (বুধবার) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া। যা দেশের নারী ভারত্তোলনে নতুন রেকর্ড। তাঁর এই কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন সেরা নারী ভারত্তোলক পুরস্কার।
মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেন। আজ ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দু’টো মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। নিজের রেকর্ড ভাঙ্গার পর মাবিয়া বলেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা ও বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন এন্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বৃদ্ধি হয়েছে।’
বাংলাদেশে নারীদের ভারত্তোলনে মাবিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নিজেই যেন নিজের বড় প্রতিপক্ষ তিনি। তাই মাবিয়ার লক্ষ্য রেকর্ডটা আরও দূরে নেওয়ার। তিনি বলেন ‘আমি প্রতিনিয়তই নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চাই। আমি এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন আমাকে মনে রাখে।’
মাবিয়া চলতি বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স কমে যায় কিন্তু মাবিয়া সেটাকে অনেকটা ভুল প্রমাণ করেন এবং বলেন, ‘আমার স্বামীও একজন ভারত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড অব্যাহত।’



