বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

saheukh

৩৩ বছরের ক্যারিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। অবশেষে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ক্যারিয়ারের ষোলো আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখ খানের। ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মাননা এটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে শাহরুখের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি জাতীয় পুরস্কার পেলেন। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি।

এদিকে শাহরুখ খান জাতীয় পুরস্কার অর্জন করায় ভক্তরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী গৌরী খান। তিনি লিখেছেন, “জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। কী দারুণ যাত্রা ছিল শাহরুখ খানের! এটা একেবারেই প্রাপ্য সম্মান। এটি তাঁর বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল।’

এছাড়াও শাহরুখ যেন ঠিকঠাকভাবে জাতীয় পুরস্কার সংরক্ষণ করতে পারেন সেজন্য বিশেষ মলাট তৈরি করবেন তিনি, এ কথাও জানিয়ে দিছেন গৌরি। বাড়ি ফিরতেই যে মিলবে বিশেষ পুরস্কার তাও জানিয়ে দেন। গৌরী লিখেছেন, ‘শাহরুখের এই বিশেষ পুরস্কারের জন্য আমি একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।”

শাহরুখের পাশাপাশি গৌরিকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। সস্বতী দাসগুপ্ত নামে একজন লিখেছেন, ‘ক্রেডিটটা আপনার দিকেও যায়, কুইন খান ম্যাডাম। আপনি সবসময় তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন। আপনাকে শ্রদ্ধা ও স্যালুট জানাই। অভিনন্দন এসআরকে, আমাদের কিং খান স্যার! সামনে আরও অনেক সিনেমা উপহার দিন আমাদের। মনে রাখবেন-কনটেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাহরুখের এই পুরস্কার জয়কে তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন অনেকে। যদিও বহু অভিনেতার মতোই ক্যারিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তার সিনেমা। একটা সময় তিনি নিজেও হতাশ হয়ে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন। সেই বিরতিতেই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। 

Advertisements