বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

রাজশাহী অডিশন থেকে ৩ নারীসহ ৫ প্রতিযোগীর হাতে ‘ম্যাজিক কার্ড’

magic-1758543089

বাংলার লোকসংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ জীবনের হাসি-কান্না, প্রেম-ভালোবাসা ও অভিজ্ঞতার চিরন্তন প্রকাশ। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে লোকসঙ্গীতের আলোয় এগিয়ে আনতেই শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর পঞ্চম আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন।

লোকসংগীতশিল্পীদের যথাযথ মূল্যায়ন, গানগুলোর রাইটস ও রয়্যালটি নিশ্চিতকরণ এবং সঠিক আর্কাইভ তৈরির লক্ষ্যেই কাজ করছে সান ফাউন্ডেশন। তাই এবারের আসরও এক উৎসবমুখর আবহ তৈরি করেছে দেশজুড়ে।

২২ আগস্ট পর্যন্ত চলা নিবন্ধনে সারাদেশ থেকে অংশ নিয়েছিলেন ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী। তাদের মধ্য থেকেই শুরু হয় আঞ্চলিক অডিশন রাউন্ড। এর অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অডিশন। দিনভর চলা এ আয়োজনে লালনের দর্শনভিত্তিক গান থেকে শুরু করে আঞ্চলিক ছন্দের সুরে ভেসে ওঠে লোকসংগীতের বহুমাত্রিক সৌন্দর্য। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ রূপ নেয় লোকসংগীতপ্রেমীদের মিলনমেলায়।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী ও গবেষক কামরুজ্জামান রাব্বি, সন্দীপন, লাভলী দেব, খায়রুল ওয়াসি, ডলি মণ্ডল এবং ফকির চান। প্রতিযোগীদের কণ্ঠ, তাল-লয়, সুর, মঞ্চ উপস্থাপন ও আত্মবিশ্বাস যাচাই করে তারা বাছাই করেন ৫ জন প্রতিযোগীকে।

রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত এই পাঁচজন হলেন—

মো. এনামুল হক মধু (উত্তর মদনচক, নওগাঁ)

সৃষ্টি রাণী দাস (পাঁচবিবি, জয়পুরহাট)

দিপান্বীতা রায় দোলা (বদরগঞ্জ, রংপুর)

মোছা. জেসমিন আক্তার (মোহনপুর, রাজশাহী)

দুর্জয় চক্রবর্তী (মাগুরা)।

তারা এখন ‘ম্যাজিক কার্ড’ হাতে নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেবেন। সেখানেই চূড়ান্তভাবে বাছাই হবে আসরের পরবর্তী ধাপের প্রতিযোগীরা।