পূজার সাজে শাড়ির আভিজাত্য

দুর্গোৎসব মানেই সাজের উৎসব। ঢাক-ঢোল, শঙ্খধ্বনির মতোই নারীর সাজ-পোশাকও পূজার আনন্দকে আরও রঙিন করে তোলে। আর এই সাজের মূল আকর্ষণ যেন শাড়ি ছাড়া পূর্ণ হয় না। আধুনিকতার ছোঁয়ায় আজকের নারী নিজের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে সাজিয়ে নিচ্ছেন জীবন ও যাপন। আর শাড়িই যেন হয়ে উঠছে তার আত্মপ্রকাশের অন্যতম ভাষা।
একসময় সৌন্দর্যের সংজ্ঞা ছিল নির্দিষ্ট। ফর্সা ত্বক, দীঘল চুল, টিকোলো নাক। কিন্তু আজকের নারীরা সেই বাঁধাধরা সৌন্দর্যবোধ ভেঙে নিজের মতো করে সাজতে জানেন। পেশা, ব্যক্তিত্ব আর ইচ্ছার সমন্বয়েই তারা বেছে নিচ্ছেন রঙ আর পোশাক। পূজার সাজেও তাই শাড়ি হয়ে উঠছে এক অনন্য স্টাইল স্টেটমেন্ট।

গায়ের রঙে নেই কোনো বাঁধন – এখন আর কারও মনে প্রশ্ন নেই। শ্যামলা মেয়েরা কী রঙ পরবে। আত্মবিশ্বাসই আজকের আসল গয়না। তাই পূজার মণ্ডপে উজ্জ্বল লাল-কমলা বা হলুদের শাড়ি পরে শ্যামলা নারীও হয়ে উঠছেন সবার নজরকাড়া।
সরলতায় আভিজাত্য – যাঁরা সাজে সরলতা পছন্দ করেন, তাঁদের জন্যও শাড়ি দারুণ বিকল্প। কালো-সাদা বা হালকা রঙের আর্টসিল্ক শাড়ি, সঙ্গে খোলা চুল আর হালকা গয়না। এই মিনিমাল সাজেই ফুটে উঠতে পারে ব্যক্তিত্বের উজ্জ্বলতা।

সবার জন্য শাড়ি – আজ আর শরীরের গড়ন কোনো বাধা নয়। প্লাস সাইজ হোক বা জিরো ফিগার। সব নারীর কাছেই শাড়ি প্রিয়। লাল-সবুজের কটন শাড়ি, সঙ্গে খোঁপায় সাদা ফুল আত্মবিশ্বাসে ভরপুর এমন সাজই বলে দেয়, সৌন্দর্যের সংজ্ঞা এখন নিজের মতো করে তৈরি করা।
বয়স তো কেবল সংখ্যা – ত্রিশ কিংবা চল্লিশ, শাড়ি ও ব্লাউজের সাজে বয়স কোনো বাধা নয়। পূজার সপ্তমীতে গোলাপি বা বেগুনি রঙের মসলিন শাড়ি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর মানানসই গয়না। আপনিই হয়ে উঠতে পারেন মণ্ডপের কেন্দ্রবিন্দু।
স্বাধীনচেতা সাজ – যাঁরা নিয়মকানুন মানতে চান না তাঁদের জন্য আছে সহজ হ্যান্ডলুম শাড়ি। ভ্রমণ হোক বা আড্ডা, কমলা বা নীল রঙের শাড়ি, সঙ্গে সাধারণ ব্লাউজেই পুরো সাজটা হয়ে উঠবে আরামদায়ক আবার আভিজাত্যময়।

শাড়ি শুধু পোশাক নয়, শাড়ি নারীর আত্মবিশ্বাস, তার ব্যক্তিত্ব ও আবেগের প্রতীক। পূজার সাজে তাই শাড়িই যেন হয়ে ওঠে উৎসবের আসল আভরণ।



