বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
স্পটলাইট

আজ শুভ মহালয়া

mohaloya

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু হলো।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তার মহিমার কাহিনি। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন। শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে।

মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর—সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উল্লাসের পরিবেশ। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই শুরু দুর্গাপূজার আগমনীধ্বনি।

Advertisements

এদিকে রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে দিনরাত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশির ভাগ মণ্ডপে প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে, এখন চলছে রংতুলি ও সাজসজ্জার কাজ।

Advertisements