বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

পারভীন মাহমুদ পেলেন দক্ষিণ এশিয়ার লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড

WhatsApp Image 2025-09-17 at 6.12.01 PM

বাংলাদেশের বিশিষ্ট হিসাববিদ ও সমাজসেবক পারভীন মাহমুদ ২০২৫ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। মঙ্গলবার শ্রীলঙ্কার সিটি অব ড্রিমস-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এ খবরটি নিশ্চিত করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

পারভীন মাহমুদ তাঁর ক্যারিয়ার শুরু করেন ব্র্যাক ও পিকেএসএফ-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে। পরবর্তীতে তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের পার্টনার হিসেবেও তাঁর অবদান রয়েছে।

২০১৮ সালে তিনি অর্জন করেন ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা’। মানবিক জীবনের পরিবর্তনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত এই সম্মাননা যেন তার পথচলায় এক উজ্জ্বল মাইলফলক হয়ে আছে। নারী নেতৃত্ব, সমাজ উন্নয়ন আর ইতিবাচক পরিবর্তনের যে অনন্য ধারাবাহিকতা তিনি তৈরি করেছেন, সেই কৃতিত্বেই অনন্যা তাঁকে সেই বছর সম্মানিত করে।

নারীর ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে দক্ষিণ এশিয়ায় পারভীনের অবদান বিশেষভাবে স্বীকৃত। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো হিসেবে সম্মানিত হয়েছেন।

পারভীন মাহমুদ আইসিএবির প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাফার প্রথম নারী বোর্ড সদস্য হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ‘মানুষের জন্য ফাউন্ডেশন’, ‘মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন’ এবং ‘শাশা ডেনিমস পিএলসি’-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউসেপ বাংলাদেশ এবং অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্বে ছিলেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারভীন মাহমুদ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘টপ ফিফটি প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড–২০২৩’।

এ বিষয়ে পারভীন মাহমুদ বলেছেন, “নারী ক্ষমতায়ন ও সমাজসেবায় কাজ করা আমার জীবনের প্রধান লক্ষ্য। এই সম্মাননা আমাকে আরও উৎসাহ দিচ্ছে যাতে আমি ভবিষ্যতে আরও বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারি।”