‘হিজাব’ স্লোগানে মুখরিত জাবি সিনেট ভবন

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এসময় নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। এজিএস (নারী) পদে বিজয়ী আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্র ‘হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেট ভবন।
এজিএস (নারী) পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘলা মোট ৩ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালিহা পান ১ হাজার ৮৩৬ ভোট এবং ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরা পান ৭৬৪ ভোট।
এবারের জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছে এবং ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। সাধারণ সম্পাদক (জিএস) এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)–সমর্থিত প্রার্থীরা দুটি পদে এবং অন্য আরও দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। গত ১০ সেপ্টেম্বর ডাকসুতে সদস্য পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাবিকুন নাহার তামান্নার নাম ঘোষণা মাত্রই সেখানে উপস্থিত সমর্থকেরা একযোগে ‘হিজাব হিজাব’ বলে স্লোগান দেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি। তবে তিনি সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানান।



