বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন

শহীদ মিনারে ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

forida par

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়। পরে কুষ্টিয়ায় মা-বাবার কবরর পাশে তাঁকে চিরনিন্দ্রায় শায়িত করা হবে।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর হবে জানাজা। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কুষ্টিয়াতে নেওয়া হবে। সেখানকার পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ফরিদা পারভীনকে দাফন করা হবে।

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর গানে গানে তিনি কাটিয়েছেন ৫৫ বছর। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’ এর মতো লালন সাঁইয়ের জনপ্রিয় গান তার কন্ঠে মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতারা ভালোবাসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছিলেন।

ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হলে সেখান থেকে আর তাঁকে ফেরানো যায়নি।