বাংলা সিনেমার ‘মুকুটহীন সম্রাট’-কে হারানোর এক যুগ

বাংলা সিনেমার কিংবদন্তি ‘মুকুটহীন সম্রাট’ নামে খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন। ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০১৩ সালে ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। জনপ্রিয় এই কিংবদন্তির ১২ তম মৃত্যুবার্ষির্কী আজ।
আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার বাবা-মায়ের তৃতীয় সন্তান। ১৯৫১ সালে জামালপুর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে ময়মনসিংহ কলেজে ভর্তি হন।
স্কুলজীবনে প্রথম অভিনয় করেন তিনি। আসকার ইবনে সাইকের লেখা ‘পদক্ষেপ’ তাঁর অভিনীত প্রথম নাটক। ১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা।
অভিনেতা আনোয়ার হোসেন অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’, ‘নাগর দোলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘সূর্যস্নান’, ‘লাঠিয়াল’, ‘জোয়ার এলো’, ‘কাঁচের দেয়াল’, ‘নাচঘর’, ‘দুই দিগন্ত’, ‘বন্ধন’, ‘পালঙ্ক’, ‘অপরাজেয়’, ‘পরশমণি’, ‘শহীদ তিতুমীর’, ‘ঈশা খাঁ’, ‘অরুণ বরুণ কিরণমালা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘রংবাজ’, ‘নয়নমনি’, ‘রূপালী সৈকতে’, ‘ধীরে বহে মেঘনা’, ‘ভাত দে’ উল্লেখযোগ্য। নায়ক হিসেবে তার শেষ সিনেমা ‘সূর্য সংগ্রাম’।
দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি কাজ করেছেন সিনেমায়। প্রায় ৩৫০ টি সিনেমায় অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নিগার পুরস্কার। ১৯৮৫ সালে তিনি একুশে পদক ও দুবার বাচসাস পুরস্কার লাভ করেন। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি।



