ভোট গণনা কেন্দ্রে সহকারী অধ্যাপকের প্রাণহানি, স্তব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় হঠাৎ এক শিক্ষকের মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কক্ষের সামনে অসুস্থ হয়ে পড়ে যান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা বলেন, “আমি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম আর জান্নাতুল ছিলেন পোলিং অফিসার। বৃহস্পতিবার ভোট শেষে তিনি বাসায় ফিরে যান। সকালে আমি তাঁকে ফোন করে সিনেট ভবনে আসতে বলি। সেখানে পৌঁছে ভোট গণনার কক্ষের সামনে তিনি হঠাৎ পড়ে যান।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, রাতে ভোট গ্রহণ শেষ হলেও ক্লান্তি এবং পোলিং এজেন্ট না থাকায় সব হলের গণনা করা সম্ভব হয়নি। তাই শুক্রবার সকালে প্রীতিলতা হলের গণনা শুরু হয়। এ সময় জান্নাতুল ফেরদৌস সহকর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। দরজার সামনে এসেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনার পর ভোট গণনাকক্ষে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম (স্নিগ্ধা) মাইকে বলেন, “এমন পরিস্থিতিতে আমি সবাইকে অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। তবে আমরা যে দায়িত্বে আছি, সেটি অসম্পূর্ণ রাখা যাবে না। তাই জান্নাতুল ফেরদৌস যে হলে দায়িত্বে ছিলেন, প্রীতিলতা হলের ভোট গণনা আগে শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”



