রাকসু নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা, প্রথমবার ভিপি প্রার্থীর দায়িত্বে নারী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন একটি প্যানেলের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। রাকসুর ৬৩ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রার্থী, যিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।
সংবাদ সম্মেলনে তাসিন খান বলেন, “আমরা এমন একটি রাকসু চাই, যেখানে সব মত, শ্রেণি ও শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয়; সেই বাবা-মা, কৃষক, শ্রমিকদের জন্যও, যাঁরা বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রেখেছেন। আমরা এমন নেতৃত্ব চাই, যা তাদের বিনিয়োগকে কাজে লাগাবে এবং গবেষণা, সংস্কৃতি ও নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনবে।”
প্যানেলের অন্যান্য পদে রয়েছেন—
ক্রীড়া সম্পাদক: শীত কুমার ওরাং
সাংস্কৃতিক সম্পাদক: অমিত তঞ্চঙ্গ্যা
সহসাংস্কৃতিক সম্পাদক: মো. লাদেন
মহিলা সম্পাদক: সামসাদ জাহান
সহমহিলা সম্পাদক: নাদিয়া হক
তথ্য ও গবেষণা সম্পাদক: সরোয়ার জাহান
সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মুনান হাওলাদার
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: শরিফুল ইসলাম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: গোপাল রায়
সহবিতর্ক সম্পাদক: আর রাফি সিরাজী
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: উজ্জ্বল তঞ্চঙ্গ্যা
সহপরিবেশ সম্পাদক: এস এম রিজন
নির্বাহী সদস্য পদে লড়বেন ফেরদৌস শরিফ, ইমাম হোসাইন, হাফিজুরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মুয়াজ। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি আসনের মধ্যে তিনটির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তাসিন খান, মাহায়ের ইসলাম ও গোপাল রায়কে।
আলাদা প্যানেল গঠনের বিষয়ে প্রশ্ন করলে তাসিন খান বলেন, “আমাদের মতাদর্শে ভাঙন নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একত্রে প্রতিবাদ করব। তবে রাকসু নিয়ে চিন্তাভাবনায় ভিন্নতা থাকায় আলাদা পথ বেছে নিয়েছি। এখানে কারো ভাবনায় অসততা নেই।”
এর আগে গত রোববার ছাত্রদল ও ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণা করে। ছাত্রশিবিরের প্যানেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি ফাহিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে তারা চমক দেখায়। সোমবার ঘোষণা হয় ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ ও ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেল, আর মঙ্গলবার ছাত্র ইউনিয়নের একাংশ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। এর বাইরে মনোনয়নপত্র জমার আগেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ নামে আংশিক প্যানেল ঘোষণা করে।
সব মিলিয়ে রাকসু নির্বাচনে এখন পর্যন্ত মোট আটটি প্যানেল আত্মপ্রকাশ করেছে।



