২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

ডাকসুতে শিবির জোটের বিপুল জয়, পাঁচ পদে স্বতন্ত্র বিজয়

IMG-20250910-WA0005

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যাপক বিজয় পেয়েছে। মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

তবে পাঁচটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি, আর সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মা উসওয়াতুন রাফিয়া।

বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে বিজয়ী হন, আর এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। উভয়েই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী ছিলেন।

এ ছাড়া বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ওই জোটের আরও ২০ প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৮তম ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ ভোটার ছিলেন। এর মধ্যে ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

Advertisements
Advertisements