বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ যৌন সহিংসতা, তিন বন্ধু গ্রে/প্তার

WhatsApp Image 2025-09-07 at 9.24.36 PM

রাজশাহীতে প্রেমের সম্পর্কের প্রলোভনে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আরিয়ান শাফীর। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট আরিয়ান ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন ভদ্রা এলাকায়। পরে বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শান্ত ও পিয়াম। ঘরে ঢোকার পর পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে আরিয়ান দরজা আটকে দেন। এরপর তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন এবং পরে শান্ত ও পিয়ামও একইভাবে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয়।

ধর্ষণের পর তরুণীকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং সতর্ক করা হয়— এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর আরিয়ান ম্যাসেঞ্জারের মাধ্যমে তরুণীকে ধর্ষণের ভিডিও পাঠান এবং আবার দেখা করার জন্য চাপ দেন। দেখা করতে অস্বীকৃতি জানালে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণী বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব তদন্ত শুরু করে এবং শনিবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।