১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘শরীরটা আমার, অন্য কারও নয়’, বক্ষবিভাজিকা নিয়ে কটাক্ষের জবাব অনুষ্কা শঙ্করের

anuska

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের নিয়ে সমালোচনা দিন দিন বেড়েই চলছে। শুধুমাত্র পোশাকের জন্য নয়, চেহারার গড়ন নিয়েও কটাক্ষের শিকার হচ্ছেন তাঁরা। সেতারশিল্পী অনুষ্কা শঙ্করও এ ধরনের কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে তিনি সমালোচকদের কথার পাল্টা জবাব দিলেন। অনুষ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট লিখলেন, “শরীরটা আমার। অন্য কারও মন্তব্য করার জন্য নয়।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন ছবি শেয়ার করেন। এর মধ্যে কিছু ছবিতে তাঁর উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “ভারতের শাস্ত্রীয় সঙ্গীত খুবই পবিত্র। কিন্তু এর সঙ্গে এই পোশাক মানানসই নয়।” আর একজন লিখেছেন, “আপনার উপর এমনিতেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তাই আপনার বক্ষবিভাজিকা দেখানোর কোনও প্রয়োজন নেই।”

সমালোচকদের কথার পাল্টা জবাব দিয়ে অনুষ্কা স্পষ্ট জানিয়ে দেন, শরীরটা তাঁর। তাঁর শরীর নিয়ে অন্য কারও মন্তব্য করার কোনও অধিকার নেই। তিনি আরও লেখেন, “মাত্র ১১ বছর বয়স থেকে মাইগ্রেনের যন্ত্রণা রয়েছে। এই শরীর দুই সন্তানের জন্ম দিয়েছে। শৈশবে এই শরীরের উপরে হেনস্থা চলেছে। কত অস্ত্রোপচার হয়েছে। এই শরীরে ‘পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম’ হয়েছে। ঋতুস্রাবের যন্ত্রণা রয়েছে।”

সেতারশিল্পী লিখেছেন, “একটা শরীরের মধ্যে বিশেষ কিছু নেই। তবে এই শরীরের কিছু চমকপ্রদ অভিজ্ঞতা রয়েছে। আমি যখন ভাবি আমার এই শরীরের উপর দিয়ে কী কী গিয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করি।”

ইনস্টা স্টোরিতে শুধু নিজের ছবিই নয় কিছু অন্য পোস্টও ভাগ করে নিয়েছেন অনুষ্কা। শিশুদের যৌন হেনস্থার প্রসঙ্গ নিয়েও তিনি একটি পোষ্ট করেছেন। সেখানে তিনি লিখেন, “যে ছোট মেয়েটাকে আপনি ভয় দেখিয়েছেন, সেই মেয়েটি একদিন নারী হয়ে উঠবে। তাঁর শিরদাঁড়া এতই শক্তিশালী হবে যে, আপনার জীবন পুড়ে ছারখার হয়ে যাবে।” এর মাধ্যমে তিনি হেনস্থাকারীদের জন্য সাবধানবার্তা দিয়েছেন।

অনুষ্কা আরও বলেন, অন্যের শরীর নিয়ে যাঁরা মন্তব্য করেন, তাঁদেরই লজ্জা হওয়া উচিত বলে মনে করি।

Advertisements