নারী ভোটেই নির্ধারিত হবে ডাকসুর ভবিষ্যৎ: উমামা ফাতেমা

ডাকসু নির্বাচনে ছাত্রীদের ভোট এবার ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তাঁর মতে, মোট ভোটারের প্রায় ৪৭ শতাংশই ছাত্রী, ফলে তাঁদের অংশগ্রহণই ডাকসুর গতিমুখ নির্ধারণ করবে।
শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪, যার মধ্যে ছাত্রী ভোটার আছেন ১৮ হাজার ৯৫৯ জন।
প্রভাবিত না হয়ে যুক্তিনির্ভরভাবে সিদ্ধান্ত নিতে ছাত্রীদের সক্ষমতার কথা উল্লেখ করে উমামা বলেন, ‘মেয়েরা স্বাধীনচেতা হয়ে ভোট দেন। তাই এবারের নির্বাচনে তাঁরাই বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন। মেয়েদের ভোটেই ব্যবধান তৈরি হবে।’
তবে মেয়েদের ভোটকেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। উমামা জানান, অনেক ছাত্রী ইতিমধ্যে বাসায় চলে গেছেন, কেউ পরীক্ষার প্রস্তুতির জন্য ক্যাম্পাসে থাকছেন না। আবার পরিবারের চাপে অনেকে ভোটের দিন হলে ফিরবেন না। তার ওপর ছাত্রীদের ভোটকেন্দ্র অনেক হলে থেকে দূরে রাখা হয়েছে, যা অংশগ্রহণে অনাগ্রহ তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘যদি ছাত্রীদের সবার অংশগ্রহণ নিশ্চিত হয়, তাহলে ভোটার উপস্থিতি ৩৫ হাজার ছাড়িয়ে যাবে। আমরা চাই মেয়েরা গণহারে ভোট দিতে আসুন। আমরা তাঁদের উৎসাহিত করছি।’
ইশতেহার প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, এর মধ্যে অবাস্তব কোনো প্রতিশ্রুতি রাখা হয়নি। ৫ আগস্ট–পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসন, শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোর মধ্যে সামাজিক সংলাপ করার প্রতিশ্রুতিও তাঁদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে।



